আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল
বুধবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক দল ও ব্যক্তিদের সম্পৃক্ততার ইঙ্গিত নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্য ঘিরে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল হয়। এ দুই ঘটনায় বুধবার কিছু সময়ের জন্য সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটে।

বুধবার গার্মেন্টস শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন, পার্বত্য অঞ্চলের অস্থিরতা এবং বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় ভালো। একই সঙ্গে শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তিকে দায়ী করেন তিনি।

তার বক্তব্যে নাম উল্লেখ না করে বিরোধী দলকে ইঙ্গিত করা হয়েছে এমন অভিযোগ ওঠে। পরে ফ্লোর নিয়ে জবাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

৩০০ বিধির বিবৃতিতে বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে আমি একমত। ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের কথাও জনগণ জানতে চায়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে ভিডিওকলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সরকারের শ্রদ্ধাশীল অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না সরকার। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। বিগত সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের অঙ্গীকারের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম জেলায় জেলায় পরিচালিত হবে বলেও জানান তিনি।

বিভিন্ন জায়গায় আন্দোলনকারী দ্বারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আক্রান্ত হলেও কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রমে তারা জড়িত হয়নি। কিন্তু আমাদের এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে মনে হয়। আমরা মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনফোর্সিং এজেন্সি তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকানি দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় দোসররা। তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির শুরু থেকেই সরকার ব্যবস্থা নিয়েছে। শ্রমিক আন্দোলনের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল । তবে সংসদের পরিবেশ ও সম্প্রীতির স্বার্থে দলের নাম এবং সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে যুক্তি দিতে ২০২৫ ও ২০২৬ সালের অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২,৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে তা কমে ২,৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় ২৮৭টি খুন কমেছে। এটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ বলে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাতে আরো এগিয়ে যেতে পারে সেজন্য তিনি সংসদের প্রতিনিধিত্বকারী সব বিরোধী দল, সংসদের বাইরে সব রাজনৈতিক দল ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা যাতে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য আমাদের দরকার। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে, তাদের সমূলে উৎপাটন করতে সরকারি ও বিরোধী দল সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রথমে ডেপুটি স্পিকার কায়সার কামাল ৩০০ বিধির বিবৃতির বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই জানিয়ে তাকে ফ্লোর দিতে রাজি হননি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার নাম উল্লেখ করে বক্তব্য দিয়েছেন—এ যুক্তিতে কথা বলার সুযোগ চান বিরোধীদলীয় নেতা। একপর্যায়ে তাকে এক/দুই মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়।

৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন’ দাবি করে শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তের ওপার থেকে উসকানির বিষয়ে তার সঙ্গে একমত হলেও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন। কোন দলকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, তিনি যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন ২৪ ঘণ্টা সচিব মর্যাদার লোককে মিন করে থাকেন তার কথার রেফারেন্স ধরে... তাহলে আমি তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং বলেছিলাম তার প্রমাণ উপস্থাপন করুন।

‘১২ আগস্টের সাংবাদিক সম্মেলনের ব্যাপারে তাকে নিয়ে একটা মিসকোট করা হয়’ দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, সেখানে বলা হয়েছে আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও আমি আওয়ামী লীগের নাম নেইনি। যে কেউ দেখে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন। সে রকম একটা ফালতু লোককে রেফার করে আমাদের ইঙ্গিত করে বলা হয়, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছিÑতাহলে এই ৩৫০ সদস্যের হাউসে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের আলোচনা হতে পারে, গোয়েন্দা সংস্থার সঙ্গে নয়। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছেÑতারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।

বিরোধীদলীয় নেতা আরো বলেন, তাকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়া না হলে তিনি কথা বলতেন না। তার দাবি, বিভিন্ন ব্যক্তি ও পক্ষ জামায়াতকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই সরকারগুলো অতীতের তুলনায় পরিস্থিতি ভালো বলে দাবি করে আসছে। কিন্তু এভাবে ভালো হতে হতে বাংলাদেশ এখনো বাংলাদেশই রয়ে গেছে।

তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা কমে ২২ থেকে ১২-তে নামার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এ সাফল্যের জন্য তিনি হাততালি দিচ্ছেন। তবে ভবিষ্যতে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা জানান তিনি। পাশাপাশি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিএসএফের পুশইন ঠেকিয়ে দেওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি বলেছেন, বিজিবি পুশইন ঠেকিয়ে দিয়েছে। খুব খুশি হতাম যদি তিনি বলতেন জনগণ এবং বিজিবি যৌথ উদ্যোগে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারা আরো উৎসাহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্যারামিলিটারির পাশে দাঁড়াতে সাহস পাবে।

সারের ডিলার নিয়োগ নিয়ে হট্টগোল

এদিকে বুধবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম তুলে ধরে বলেন, সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি, ভাগ্নির স্বামীসহ স্বজনরা। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির এবং তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও আত্মীয় বলে অভিযোগ করেন তিনি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মেরেছে এক এমপির সন্তান। সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাত আরো বলেন, এই যে দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকতে সংরক্ষিত আসনের এমপিদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়া হলে তখনকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমানে মাননীয় রাষ্ট্রপতি, এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। আজকে বিএনপি সরকার করেছে যেটার কোনো নিয়ম নেই, কোনো রুলস নেই। একটা অসাংবিধানিক কাজ।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কেউ কেউ অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে কি না এবং নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের স্বজনদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধের দাবি জানান।

হাসনাত বলেন, আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগিনা ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে সেটা সুনির্দিষ্টভাবে জানতে চাই।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে উৎসব হয়েছে—এমন বক্তব্যের জবাবে তিনি উৎসবকে ইতিবাচক অর্থে দেখেন। তার এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।

কৃষিমন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। সেখানে আবেদন আহ্বান করা হয়েছে, কিছু নিয়মনীতির ভিত্তিতে। তার এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন। হট্টগোল করতে থাকেন। তখন ডেপুটি স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।

তখন কৃষিমন্ত্রী বলেন, তার বক্তব্য শেষ হলে বিরোধী দলের যে সন্দেহ সেটা দূর হবে। তিনি বলেন, উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন যাবে। জেলায় যে কমিটি আছে, সেখানে উপদেষ্টা হিসেবে এলাকার সংসদ সদস্য থাকার সুযোগ আছে। এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবারও চিৎকার-চেচামেচি, হইচই শুরু করেন। তাদের অনেকেই এ সময় দঁড়িয়ে যান। তাদের বসার অনুরোধ করেন ডেপুটি স্পিকার।

বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যেই বক্তব্য চালিয়ে যান কৃষিমন্ত্রী। তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...