বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আধুনিক সমরাস্ত্র নিজস্ব দেশে উৎপাদনের ক্ষেত্রে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বেগবান করছে।
তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করার লক্ষ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, ২০১১-১২ অর্থবছর হতে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯ পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
বিএনপির এমপি সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জনান, দেশে কৃষি খাসজমির পরিমাণ ১৮ লাখ ২৫ হাজার ২০৭ দশমিক ৭৪ একর। বান্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ ১৩ লাখ ২৮ হাজার ৪৪৫ দশমিক ২৭৪৫ একর। ২০২৫-২৬ অর্থবছরে ১৯০ দশমিক ০১ একর কৃষি খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত যোগ্য। বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন পরিবারের সংখ্যা ১ হাজার ৮৮২টি। অকৃষি খাসজমির পরিমাণ ২১ লাখ ৪ হাজার ৩৭৫ দশমিক ৯১০৯ একর। বন্দোবস্তযোগ্য অকৃষি খাসজমির পরিমাণ ১ লাখ ১২হাজার ৭২৩ একর।
নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ৫২৯টি এবং অব্যবহৃত কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ২৯৬টি।
বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের আওতায় গবেষককেরা এ পর্যন্ত ১ হাজার ১৯৩টির অধিক উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু ফসলের জাত এবং ১ হাজার ৭৭৫টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতের ক্রমবর্ধমান যাত্রী ও কার্গো চাহিদা মেটানো এবং বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে সরকারের ঢাকার আশেপাশে একাধিক রানওয়ে বিশিষ্ট একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান মন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশে ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে। এরই মধ্যে বোয়িং হতে ২৫টি এবং এয়ারবাস হতে ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বোয়িংসমূহ ২০৩১ সাল হতে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসসমূহ ২০৩৩ সাল হতে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে।
জামায়াতের এমপি মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান জানান, বর্তমানে দেশে মোট ভাতা ভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬জন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।
সংরক্ষিত আসনের জামায়াত দলীয় এমপি নাজমুন নাহারের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান দেশে সরকারি বনভূমির ২ লাখ ১৭ হাজার একর অবৈধ জবরদখলে রয়েছে। দখলকৃত জমি উদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
সংরক্ষিত আসনের এমপি মাহবুবা হাকিমের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনভূমি অবৈধ দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বনভূমি পুনরুদ্ধারে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিএনপির এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের রাজস্ব বাজেট হতে ২০০৯-১০ অর্থবছর হতে ২০২৬-২৭ অর্থ বছরসহ ১৮টি অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ৪ হাজার ২৫১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৭শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএনপির এমপি হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী জানান, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

