জাতীয় দলের আকাশি-সাদা জার্সিকে বিদায় জানানোর মাত্র এক মাস পেরিয়েছে। তবে আবারও আর্জেন্টিনার মাটিতে মাঠে নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে লিওনেল মেসির সামনে। তবে এবার জাতীয় দলের হয়ে নয়, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির গোলাপি জার্সিতে চিরচেনা মাঠে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকাকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের প্রতিবেদন অনুযায়ী আগামী বছরের ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। ২০২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরাতে খেলার পরিকল্পনা করছে ইন্টার মিয়ামি। দলটির কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেসও এ ম্যাচ আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছেন।
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে এই মনুমেন্টাল স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন মেসি। সে বিদায়ের রাতেও এ মাঠের সঙ্গে নিজের আবেগময় স্মৃতির কথা জানিয়েছিলেন তিনি। তবে ক্লাব ফুটবলের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে নিজ দেশের কোনো ক্লাবের জার্সিতে কখনো আর্জেন্টিনার মাটিতে খেলার সুযোগ হয়নি তার। ফলে জানুয়ারি মাসে ম্যাচটি মাঠে গড়ালে সেটি মেসির ক্যারিয়ারে এক নতুন অধ্যায় হয়ে থাকবে।
অবশ্য রিভার প্লেটের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা মেসির আগে থেকেই রয়েছে। ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার জার্সিতে রিভারের বিপক্ষেই গোল করেছিলেন তিনি। তাছাড়া জাতীয় দলের হয়ে মনুমেন্টালে ২৯ ম্যাচ খেলে ২০ গোল করা মেসি এ মাঠে কখনো হারেননি। সম্প্রতি জাতীয় দলের শেষ ম্যাচের আগে তাকে সম্মানসূচক সদস্য পদও প্রদান করেছে রিভার প্লেট।
এদিকে রিভার প্লেটের সঙ্গে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষেও ইন্টার মিয়ামির একটি প্রীতি ম্যাচ আয়োজনের গুঞ্জন রয়েছে। তবে ২০২৮ সাল পর্যন্ত মিয়ামির সঙ্গে চুক্তি থাকায় এখনই নিজ দেশের ক্লাবে স্থায়ীভাবে ফেরার কোনো সম্ভাবনা নেই। এখন কেবল দুই ক্লাবের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির ঘরের মাঠের দর্শকের সামনে ভিন্নরূপে জাদুকরি নৈপুণ্য নিয়ে হাজির হবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

