সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ দল কতটা বদলে গেছে, সেটি দেখা গেল গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে হামজার নেতৃত্বে মাঠে দেখায় অন্য এক বাংলাদেশকে। প্রথম মিনিট থেকেই বাংলাদেশের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বংশোদ্ভূত ফুটবলারে ঠাসা শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রতিটি আক্রমণেই নেতৃত্ব দেন হামজা চৌধুরী। ৫, ৭, ১৫ ও ২৫ মিনিটে চারবার সুযোগ পেয়েও গোল পাননি হামজা। অবশেষে ৪৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে পেলেন বাংলাদেশ অধিনায়ক। ইব্রাহিমের পাস থেকে বলে প্রতিপক্ষ গোলরক্ষক ও দুই খেলোয়াড়কে ব্যর্থ করে হামজা ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। হামজার গোলের পরই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। এর আগে ৮ মিনিটে শমিত গোল করেন। এই দুই গোলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে যে আশায় দর্শকরা ছুটে এসেছিলেন, তাদের পরিপূর্ণ ফুটবল আনন্দ দিলেন হামজা-শমিতরা। খেলার প্রথমার্ধে অন্তত ছয়টি গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। একের পর এক প্রচেষ্টায় হামজা গোল পাচ্ছিলেন না। পাঁচ মিনিটে হামজার উদ্দেশ্যে ক্রস দিয়েছিলেন রাকিব। কিন্তু হেডের চেষ্টা করেও বলের নাগাল পাননি হামজা। তবে বক্সের বাইরে রাকিবকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া সেই ফ্রি কিকে বল উড়ে যায় গোলপোস্টের উপর দিয়ে। ৭ মিনিটে আবার ডান দিক থেকে ক্রস দেন রাকিব। কিন্তু অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি হামজা। হামজার গোল না পাওয়ার সময় আনন্দের উপলক্ষ এনে দেন শমিত। ৮ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। হামজার দুর্দান্ত ক্রস ফিস্ট করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ঠিকঠাক মতো করতে পারেননি। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শট নেন শমিত। প্রথম প্রচেষ্টায় প্রতিপক্ষের খেলোয়াড় গায়ে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন শমিত। এরপর ১৫ মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ক্রস দেন রাকিব। বল ক্লিয়ার করার চেষ্টা করেন লঙ্কান গোলরক্ষক পেরেরা। কর্নার পায় বাংলাদেশ। ফরহানের নেওয়া কর্নারে গোলের সুযোগ তৈরি হয়। জটলতার মধ্য থেকে বল পেয়ে যান হামজা। তার শটে বল চলে যায় গোলপোস্ট ঘেঁষে। ২৫ মিনিটে গোলমুখে হামজার দিকে বল বাড়িয়ে দেন রাকিব। গোলরক্ষক এগিয়ে এলেও প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধায় গোল পাননি হামজা। দারুণ দক্ষতায় ব্যাক হিলে গোল করার চেষ্টা করেন এই মিডফিল্ডার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। তবে বিরতির আগেই গোল আনন্দে মাতালেন হামজা।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন