মার্কিন নিষেধাজ্ঞার ফাঁদ

ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণ করতে দেয়নি ইরাক

ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণ করতে দেয়নি ইরাক

আসন্ন চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে ইরাক যাওয়ার কথা ছিল ইরান জাতীয় ফুটবল দলের। তবে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিধিনিষেধ এবং সম্ভাব্য আইনি জটিলতার আশঙ্কায় ইরানি ফুটবলারদের বহনকারী বিমানটিকে নিজেদের বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি ইরাক কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে বিমানটি নিজ দেশে ফেরত গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ইরান দল বহনকারী ফ্লাইটটি নামার কথা থাকলেও শেষ মুহূর্তে তা প্রত্যাখ্যান করা হয়। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, মার্কিন ট্রেজারি বিভাগ ও ওয়াশিংটনের জারি করা এয়ারলাইনস সংক্রান্ত কড়া সতর্কবার্তা লঙ্ঘনের ঝুঁকি ইরাক নিতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো দেশ বা বিমানবন্দর কর্তৃপক্ষ ইরানি এয়ারলাইনসগুলোকে পরিষেবা দিলে তাদের ওপরও মার্কিন অর্থব্যবস্থা (বিশেষ করে মার্কিন ডলার লেনদেন) ব্যবহারে নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। সেই আর্থিক ও বাণিজ্যিক ব্ল্যাকলিস্টের হাত থেকে বাঁচতেই ইরাক এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বিমানের অবতরণ অনুমতি না পাওয়ায় ইরানি বিমানটি নিজ দেশের সীমান্তবর্তী শহর আবাদানে ফিরে আসে। পরবর্তীতে বসরার ইরানি দূতাবাস জানায়, দলটির সফর বাতিল হচ্ছে না—চার জাতি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফুটবলাররা আবাদান থেকে সড়কপথে সীমান্ত পেরিয়ে বসরায় পৌঁছাবেন।

ইরাকের বসরায় আয়োজিত চার জাতি প্রীতি টুর্নামেন্টে স্বাগতিক ইরাক ও ইরান ছাড়াও অংশ নেওয়ার কথা রয়েছে লেবানন ও ফিলিস্তিনের। আগামী ১৪ নভেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের টুর্নামেন্ট শুরু করার সূচি রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন