ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড

ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ৭ জনকে কারাদণ্ড
ফাইল ছবি

রোগী ও স্বজনদের হয়রানি ঠেকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৩)। অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেন এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বাধীন দল। রাত সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

আটকদের মধ্যে আলামিন (৩২) এক মাস, মোয়াজ্জেম (৫০) সাত দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৫) তিন দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সিফাত (২২) তিন দিন এবং হেলাল (৩২) ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন। মাহমুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। শাকিল (২২) তিন হাজার এবং নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা পেয়েছেন। চারজনের জরিমানার মোট পরিমাণ ২৩ হাজার টাকা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে দালালদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। রোগীর স্বজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এক দালাল উধাও হওয়ার অভিযোগও সামনে আসে। সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে এর আগেও বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েছে। তবে অভিযানের পরও দালালদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন