তুরস্কের সঙ্গে এআইআইবির ১৬০ কোটি ডলারের জলবায়ু ঋণচুক্তি

তুরস্কের সঙ্গে এআইআইবির ১৬০ কোটি ডলারের জলবায়ু ঋণচুক্তি

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে তুরস্কের ১৬০ কোটি মার্কিন ডলারের একটি বড় জলবায়ু অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এআইআইবি জানিয়েছে, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এ অর্থায়নের মূল লক্ষ্য তুরস্কে নির্গমন বাণিজ্য ব্যবস্থা (এমিশন ট্রেডিং সিস্টেম) চালু, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির জাতীয় সক্ষমতা বাড়ানো। পাশাপাশি তুরস্কের প্রধান জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ বিনিয়োগের পথ সুগম করতেও এ অর্থায়ন ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ অক্টোবর এআইআইবির পরিচালনা পর্ষদ এ অর্থায়ন প্যাকেজ অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং দেশটির দ্বিতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

নতুন অর্থায়ন প্যাকেজটি দুটি সমান অংশে বিভক্ত। এর একটি হলো ‘তুরস্ক ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’ (টিসিএএপি)-এর আওতায় নীতিভিত্তিক ঋণ। অন্য অংশটি খাদ্যনিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা-সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ব্যবহৃত হবে।

এআইআইবির পাবলিক সেক্টর ও গ্লোবাল করপোরেট বিভাগের প্রধান কনস্টান্টিন লিমিভস্কি বলেন, ‘কপ-৩১ সম্মেলনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তুরস্কের রূপান্তরমূলক জলবায়ু সংস্কারে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এটি এআইআইবির ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু ঋণ সুবিধা।’

পুরো কর্মসূচি তিনটি প্রধান ভিত্তির ওপর পরিচালিত হবে। প্রথমত, নির্গমন বাণিজ্য ব্যবস্থা চালু এবং সবুজ অর্থায়ন কাঠামো বাস্তবায়ন। দ্বিতীয়ত, জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস কৌশল হালনাগাদ করে শিল্প ও অর্থনীতির বিভিন্ন খাতে তা কার্যকর করা। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা জোরদার এবং পানি, বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতের জলবায়ু ঝুঁকি কমানো।

তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় এ কর্মসূচির প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দেশটির জলবায়ু পরিবর্তন অধিদপ্তর কর্মসূচির কারিগরি দিক তদারক করবে। এ ছাড়া ব্যাংকিং, পুঁজিবাজার, জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও বন বিভাগের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও এতে যুক্ত থাকবে। তুরস্কের ৮১টি প্রদেশেই স্থানীয় জলবায়ু শাসনব্যবস্থার আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

২০১৬ সালে কার্যক্রম শুরু করে এআইআইবি। ১০০ বিলিয়ন ডলারের মূলধন নিয়ে প্রতিষ্ঠিত বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকটির অনুমোদিত সদস্যসংখ্যা বর্তমানে ১১১। তুরস্কে সংস্থাটির কার্যক্রমও বেশ বিস্তৃত। এ পর্যন্ত দেশটিতে ৪৮টি প্রকল্পে মোট ১ হাজার ১০৬ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে এআইআইবি।

চলতি ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত তুরস্কের নয়টি প্রকল্পে ৩৮৯ কোটি ডলারের অর্থায়ন করেছে সংস্থাটি। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ বা ৩৬৯ কোটি ডলারই জলবায়ু অর্থায়ন হিসেবে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন