গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই কেবল ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সরকারকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে সরকারের দায়িত্বশীল মন্ত্রী জাতীয় ঐক্যের কথা বললেও সরকারপ্রধানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে জনগণের নিরাপত্তা বিধান, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদ দমনে সরকার যদি আন্তরিক হয় ও কার্যকর কিছু দেখাতে পারে, তবেই জাতীয় ঐক্যের ডাকে আমরা সাড়া দেবো। এর আগে নয়।
রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করার ঘোষণা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সড়কের বেহাল দশা, বিকল্প হিসেবে ট্রেনে এই লংমার্চ ব্যবস্থাপনার জটিলতা এবং জনদুর্ভোগ এড়াতে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি দেশবাসীকে উদ্দেশ করে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি এখনো উন্নতির দিকে যাচ্ছে না। সরকার সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনের পথে হেঁটে জাতিকে বোকা বানানোর যে পন্থা অবলম্বন করেছে, তা আমরা আগেই প্রত্যাখ্যান করেছি। এ পথে সংকট নিরসন হবে না। সরকারের এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি অতীতেও সোচ্চার ছিল, আজও থাকবে এবং ১১ দল তাতে নেতৃত্ব দেবে। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সংগঠিত করে অতীতে যেভাবে কর্মসূচি পালন করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবেই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।
১১ দলে কোনো ভাঙন নেই দাবি করে তিনি বলেন, কিছু গণমাধ্যম এবং সরকারের ভেতরে থাকা কিছু মহলে অপপ্রচার চালানো হচ্ছে যে ১১ দল ভেঙে গেছে। এ ছাড়া আর কোথাও কোনো ভাঙন নেই। ১১ দল আমাদের সঙ্গেই আছে, অটুট ও ঐক্যবদ্ধ আছে।
লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে তিনি বলেন, আমাদের সাতটি দাবিই জনবান্ধব ও জনগণের মনের কথা। এই দাবিতে তিনটি সফল লংমার্চের মাধ্যমে আমরা সরকারকে এই বার্তাই দিতে সক্ষম হয়েছি যে, বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকার ব্যর্থ হওয়ায় জনগণ আজ মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, সরকার একদিকে যেমন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি এবং গণভোট বাস্তবায়ন করেনি, অন্যদিকে উল্টো পথে চলা শুরু করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের আমলে যেটুকু সংস্কার ও গণহত্যার বিচার হয়েছিল, তার গতিও এখন মন্থর হয়ে গেছে। বিচার কার্যকর না হওয়ায় দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা সুযোগ সুবিধা ভোগ করছে, যা ফ্যাসিবাদের প্রতি সরকারের আনুকূল্যেরই প্রমাণ।
সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার চিত্র তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, বোমা হামলা, আগুন দেওয়া, সন্ত্রাস, পুলিশের গাড়ি ও বাস পোড়ানো এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অনেকটা 'ধরি মাছ না ছুঁই পানি'র মতো। সরকারের এদিকে কোনো মনোযোগ নেই। ফলে ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে এবং জুলাই যোদ্ধাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, আবার বলছেন দুই-একটা ককটেল ফোটালেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না। পুলিশ প্রধানের উদ্ধৃতি দিয়ে তিনি বিবৃতি দিয়েছেন যে, তারা ৩০০ খুন কমিয়েছেন এবং পরিসংখ্যান দিয়ে দায়মুক্তি চান। কিন্তু মানুষ মারা গেলে বা বাস পোড়ানোর ফলে মানুষ পুড়ে মারা গেলে সে বিষয়ে কোনো কার্যকর বক্তব্য দেওয়া হচ্ছে না। এতে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদ ঠেকানোর জন্য সরকারকে সিরিয়াস হতে হবে। সরকার একদিকে ফ্যাসিবাদ ঠেকানোর কথা বলছে, আবার পুলিশের গ্রেপ্তার করা আসামিকে সরকারি দলের আইনজীবীরা গিয়ে জামিন করালে কীভাবে ফ্যাসিবাদ ঠেকানো যাবে?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মূসা বিন ইযহার, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


