হাসিনা-ভারত যোগসাজশে সীমান্তে কাঁটাতারের বেড়া: রিজভী

স্টাফ রিপোর্টার

হাসিনা-ভারত যোগসাজশে সীমান্তে কাঁটাতারের বেড়া: রিজভী

স্বৈরাচার শেখ হাসিনার যোগসাজশে সীমান্তের ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত অভিযোগ করে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় কোনো আলোচনা না করে, হাসিনার সুবিধা নিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগিয়েছে ভারত। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

রিজভীর অভিযোগ, দেশের ৪ হাজার ৬‘শ কিলোমিটার সীমান্তের মধ্য তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। এখন ৮‘শ ৫৬ টু ৮‘শ ৫৭ কিলো মিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না ভারত। যে শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হয়। ভারত সেই আলোচনা না করেই কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।

শেখ হাসিনা ভারতের দাস হয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণ বাংলাদেশের সীমান্ত রক্ষীর সাথে প্রতিরোধের যে দৃষ্টান্ত দেখিয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি(শেখ হাসিনা) ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন।

জাতীয়তাবাদী রিকসা ভ্যান-অটো রিকসা চালক শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ অটো রিকসা ভ্যান শ্রমিকরা বক্তব্য রাখেন। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী- সদস্য (দপ্তরের সংযুক্ত) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন