১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমাদের আকাঙ্ক্ষার চেয়ে ১০ গুণ বেশি মানুষ ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চে অংশগ্রহণ করেছে। ঐদিন ঢাকার মতিঝিল থেকে চট্টগ্রামের লালদিঘি ময়দান পর্যন্ত লংমার্চ মানববন্ধনে রূপ নিয়েছিল। জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূত অংশগ্রহণের মাধ্যমে লংমার্চ সফল করতে এগিয়ে আসছে। ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যেই বিশ্বাস ও আস্থা সেই বিশ্বাস ও আস্থা বজায় রেখে আমরা জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি এবং দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করার ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির মধ্যে দ্বিতীয় ধাপে আগামী শনিবার ঢাকা থেকে রংপুরের অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূচিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করতে আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান প্রমুখ।
সভায় নেতারা বলেন, ৭ দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


