নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার পর তারা সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয়ের ৫ নাম্বার গেট দিয়ে দুইটা প্রোটোকলের গাড়িসহ তিনি প্রবেশ করেন।
দুপুর ১২টার ৫ মিনিটে তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে আজ সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে । অনেকেই ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়াও সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স এসএসএফ' র সদস্যরা সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ গতকাল বিকেলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

