আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেসক্লাবে শিবির সভাপতি

যে কোন নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার

যে কোন নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ছাত্রশিবির

দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে ইসলামী ছাত্রশিবির প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী জাঁতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রতিহিংসা, হীনম্মন্যতা ও পরস্পর কাদা ছোড়াছুড়ির রাজনীতি আবারও ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য ও সব প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

শিবির সভাপতি বলেন, বর্তমানে দেশ এক কঠিন ও সংবেদনশীল সময় অতিক্রম করছে। সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের শিকল ভেঙে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশের নির্মাণ-প্রক্রিয়া শুরু হলেও, একই সঙ্গে কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই দ্বন্দ্বে কে বিজয়ী হবে তা সময়ই বলে দেবে, তবে দেশের আপামর ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ।

তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লব’ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন জাগরণের অধ্যায় সূচনা করেছে, যা ফ্যাসিবাদী কাঠামোর পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কারের প্রথম সোপান হিসেবে চার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলছে। আশা করি, প্রশাসন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শিবির সভাপতি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে “নোট অব ডিসেন্ট” দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে। আমরা এ ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, যে সব রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তার ন্যূনতম সংস্কারও এখনো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারও এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য “জুলাই সনদ” আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি। আমরা দলীয় এজেন্ডার গণ্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি।

জাহিদুল ইসলাম বলেন, বিএনপি নারীবান্ধব দলের দাবি করলেও সম্প্রতি তাদের নেতাকর্মীদের হাতে নোয়াখালী ও অন্যান্য জেলায় নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকারকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের একপেশে আচরণ দেখা গিয়েছিল, কিন্তু এখনো কিছু টিভি চ্যানেল ও মিডিয়া হাউস পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি আরটিভি থেকে দুই সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনাকে “ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ” বলে উল্লেখ করেন।

শিবির সভাপতি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে এবং বিএনপির কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে তাদের জামিনে সহায়তা করছে, যা জুলাই শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক।

জাহিদুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিচারের বিষয়ে রায় ঘোষণা করবে। এ প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী “ঢাকা লকডাউন” কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...