দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের সার্বিক উন্নয়ন পরিকল্পনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, পরিস্থিতির অবনতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য অশনিসংকেত।
সোমবার রাজধানীর মিরপুরের জামেয়া হোসাইনিয়া আরজাবাদে দলের কেন্দ্রীয় খাস কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে শীর্ষ নেতারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নেতারা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত নয় মাসে দেশে নথিভুক্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৫৯৬টিতে। এর বাইরে মামলা হয়নি—এমন অসংখ্য অপরাধের ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উদ্বেগজনক অবস্থা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হবে।
জমিয়ত নেতারা জোর দিয়ে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা না গেলে দেশি ও বিদেশি উভয় পর্যায়ের উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এতে কর্মসংস্থান ব্যাহত হবে এবং সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই জননিরাপত্তা রক্ষা ও অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে সরকারকে দ্রুত কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


