চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের নিন্দা

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের নিন্দা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ আজ (বুধবার) বিকেলে গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুর্বৃত্তরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এরশাদ উল্লাহসহ আরও কয়েকজনের ওপর হামলা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।” তিনি বলেন, “এই দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প নেই।”

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা দেশের স্থিতিশীলতা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।”

তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গুলিতে আহত এরশাদ উল্লাহসহ অন্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন