জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি কর্মসূচি সম্পর্কে বলেন, আগামী রোববার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এদিন বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক সমূহে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে বলেও জানান রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট সমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এরআগে জন্মবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা হয়। এতে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। সভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিববৃন্দরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন