সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, দুঃখ প্রকাশ এনসিপির

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, দুঃখ প্রকাশ এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর জেরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা। তবে ঘটনায় এনসিপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের এ ঘটনায় সময় যুক্তরাষ্ট্র ফেরত দলটির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সেখানে ছিলেন না।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হুমায়ূন কবির ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাশেই আখতার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে অবস্থান করছিলেন এনসিপির নেতাকর্মীরা। হুমায়ূন কবিরের বক্তব্য চলার মধ্যেই এনসিপির নেতাকর্মীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করলে সাংবাদিকদের কথা শুনতে সমস্যা হয়। তখন থামতে বললে কয়েকজন সাংবাদিকের সঙ্গে এনসিপির কিছু নেতাকর্মী দুর্ব্যবহার করেন। এর জেরে বিমানবন্দরে আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে চলে যেতে নিলে এনসিপির নেতারা সাংবাদিকদের এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যেই এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এতে জানানো হয়, আখতার হোসেন ও তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেসনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জি দের রাজনৈতিক উত্থান, দেশ কাল পাত্র ভেদে তাদের নয়া রাজনৈতিক আকাঙ্খা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। ‘বাংলা বসন্তের, নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন। আজ তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশীপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের সহযাত্রী। ফলে এই সৌহার্দপূর্ণ সম্পর্কের মাঝে এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। ৯ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীরা আজ সকাল ৯টায় ঢাকায় ফেরেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...