আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দীর্ঘ যানজটের কবলে বিমানবন্দর সড়ক

স্টাফ রিপোর্টার, সাভার

দীর্ঘ যানজটের কবলে বিমানবন্দর সড়ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রাকে কেন্দ্র করে দীর্ঘ যানজটের কবলে পড়েছে রাজধানীর মহাখালী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে থেমে থেমে চলছে সারি সারি গাড়ি। এক কিলোমিটার রাস্তা পার হতে লাগছে এক ঘন্টারও বেশি। সাধারণ মানুষদের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সড়কের দু’পাশে বিভিন্ন পয়েন্টে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। দলীয় ব্যানার, দলীয় পতাকা নিয়ে রাস্তার পাশে জড়ো হয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি নেত্রী। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডন যাবেন।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি। তখন লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারবেন তিনি। লন্ডনে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারই ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন