২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র্যালিটি বের হয়ে জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালি শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
র্যালিতে ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এতে ব্যাপকসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কর্মসূচির মধ্যে রয়েছে— স্বাধীনতা দিবসের র্যালি আয়োজন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ উপহার প্রদান, রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ উপহার প্রদান এবং স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে স্বাধীনতা দিবস পালন করছে সংগঠনটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

