জুলাই-আগস্ট অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে, অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র তৈরি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, আলোচনা হয়েছে যে, আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দিব। পরবর্তীতে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রুপান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র রাজনৈতিক দলের বৈঠকে সবাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার জন্য সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলাম। সেখানে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। আপনারা জানেন যে, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে। আজকের আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। তবে বিস্তারিত আলোচনা হয়নি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একটা কথা মোটা দাগে বলতে পারি, প্রত্যেকটি দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে। রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করতে হবে।
তিনি বলেন, তবে খুব বিলম্ব হলে কোনো ষড়যন্ত্রের বা চক্রান্তের জন্য যারা অপেক্ষা করে তারা সুযোগ পায়। তাই দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, উনারা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সাথে দ্বিতীয় ধাপে আমাদের সাথে আবার বসবেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

