গাজী আতাউর রহমান

এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার

এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

কৃত্রিম সংকট তৈরি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তার দাবি, বাজারে কারসাজির মাধ্যমে সংকট সৃষ্টি করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার উল্টো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, কৃত্রিম সরবরাহ সংকটের সুযোগ নিয়ে রোববার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সিলিন্ডারটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। অথচ গত মাসেও একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। চলতি বছরের জানুয়ারিতে এই সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ২৫৩ টাকায়।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে এলপিজির দাম ১০৩ টাকা বাড়ানো হয়। যুদ্ধ শুরুর পর এপ্রিল মাসে দুই দফায় দাম বেড়েছে ৫৯৯ টাকা। পরে জুন ও জুলাইয়ে প্রায় ৪০০ টাকা দাম কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়ানো হয়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার একবারে ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এলপিজি সরবরাহের তথ্য পর্যালোচনা করলে দেশে প্রকৃতপক্ষে গ্যাসের ঘাটতি ছিল না। বরং বাজারে কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সরকারকে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা না করে তাদের চাহিদা অনুযায়ী এলপিজির দাম বাড়ানো হয়েছে।

গাজী আতাউর রহমান বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল। ফলে এর দাম বাড়ার সরাসরি প্রভাব বিপুলসংখ্যক মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়বে। দুর্বৃত্তদের স্বার্থে মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার এবং বাজার কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন