ঢাকা ৮ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট ড.হেলাল উদ্দিন বলেন, কোন ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় জাগ্রত করায় হবে আমাদের দায়িত্ব।
শুক্রবার বিকাল চারটায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসে দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. এ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, এজিবি কলোনিতে পাশাপাশি মাসজিদ ও মন্দির একদম লাগোয়া কিন্তু আজ পর্যন্ত কোন সম্প্রদায়ের মধ্যে কোন সমস্যা হয় নাই। এই উদাহরণ হচ্ছে বাংলাদেশের অন্যতম ধর্মীয় সম্প্রীতির উদাহরণ।
ইসলাম নারীর অধিকার কখনোই খর্ব করে না বরং উৎসাহ দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীও কখনো বাঁধা দেবে না বরং সহযোগিতা করবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক স্ত্রী আরবের সর্বশ্রেষ্ট ব্যবসায়ীদের একজন ছিলেন। আরেকজন স্ত্রী জ্ঞান বিতরণ করতেন, শিক্ষক ছিলেন।
এ্যাডভোকেট হেলাল আরও বলেন, যেকোনো সমস্যায় আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণের অফিসে চলে আসবেন। জামায়াতের অফিসে আপনাদের কেউ বাঁধা দিবে না বরং স্বাগত জানাবে। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সর্বোচ্চ পাশে থেকে সহযোগিতা করবে। ৫ আগস্টের পর থেকে ৮ আগস্ট পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে পাহারা দিয়েছে যেন কোন সহিংসতা না হতে পারে। ঈদে যদি পাহারা দিতে না হয় তাহলে পূজায় কেন পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই।
পল্টন থানা পূজা উৎযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুশীল কুমার পাল বলেন, ইসলাম শান্তির ধর্ম। ৫ আগস্ট যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি, তাহলে জুলাই গনঅভ্যুত্থান সফল হবে। আমরা আশা করছি মুসলমানদের সহযোগিতায় আমরা স্বাধীন মুক্তভাবে পূজা উৎযাপন করতে পারব।
আরও বক্তব্য দেন ঢাকা আসনের আওতাধীন সকল মন্দির ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


