মাদকাসক্তিকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনও দ্রুত বন্ধ করতে হবে।
রোববার রাতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও নাখালপাড়া রেলগেট মোড়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ধূমপানই মাদকের সূচনা তৈরি করে। নেশা মানুষের আত্মসম্মানবোধ ধ্বংস করে দেয় এবং মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। তিনি বলেন, সমাজকে নষ্ট করার পেছনে কিছু বড় ভাইয়ের নেতিবাচক ভূমিকা রয়েছে; তাই পরিবার ও সমাজের অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
তিনি দাবি করেন, ধর্মপ্রাণ মুসলমানের এ দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। যা দেশের জন্য চরম হুমকি।
সেলিম উদ্দিন বলেন, মাদকাসক্তদের চিকিৎসার জন্য রাষ্ট্রের উদ্যোগে আন্তর্জাতিক মানের পুনর্বাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কুরআনের শিক্ষাই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, মাদক নির্মূলে কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। পাশাপাশি প্রশাসন যেন কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় না দেয়, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ও পারিবারিক উদ্যোগের সমন্বয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও যত্নবান হতে হবে এবং ইসলামী সংস্কৃতি সমাজকে নানা অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।
বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের সুস্থ বিকাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পর্যাপ্ত খেলাধুলার মাঠ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যম, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ঢাকা উত্তর নগরী গড়ে তুলতে কাজ করার প্রত্যাশার কথাও জানান সেলিম উদ্দিন।
তেজগাঁও উত্তর থানা আমির আহসাম উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাসিবুল হক নাসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড.মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

