জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদের ঋণ এ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। কখনো শোধ করা সম্ভবও না। শহীদ আবু সাঈদকে দেশ ও জাতি স্মরণ রাখবে অনন্তকাল।
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশের জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও তাজহাট থানা আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যারা অন্যায়ভাবে, নির্দয়ভাবে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা, আহত, পঙ্গু করেছে এবং সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করেছে এই খুনিদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, এই শহীদ ও আহতরা যে লক্ষ্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আহত হয়েছে, সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য। ছাত্ররা চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, আমি মহান রবের কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশের ঘরে ঘরে আবু সাঈদ, মুগ্ধ- ইয়ামিনের মতো সন্তান গর্ভধারণ করার মতো মা যুগে যুগে পাঠান। সন্তান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, অর্থ পাচার করবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখবে এবং সমাজের সার্বিক কল্যাণে সদা সর্বদা তৎপর থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

