কলকাতার বহু মসজিদে মাইকে আজান বন্ধ করায় নেজামে ইসলামের উদ্বেগ

কলকাতার বহু মসজিদে মাইকে আজান বন্ধ করায় নেজামে ইসলামের উদ্বেগ

কলকাতার বিভিন্ন মসজিদে জুমার আজান মাইকে দেওয়া বন্ধ এবং বিপুলসংখ্যক মসজিদের মাইক খুলে নেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির(ভারপ্রাপ্ত) আল্লামা আব্দুল কাইয়ুয সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ জানিয়ে বলেন, মসজিদ থেকে মাইক অপসারণ এবং আজানের স্বাভাবিক প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন থাকলে তা সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়কে টার্গেট করে প্রশাসনিক চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তা ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

তারা বলেন, আজান মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন। শব্দদূষণ নিয়ন্ত্রণের অজুহাতে আজানের অধিকার সংকুচিত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া যায় না। একই আইনের নামে এক ধর্মের উপাসনালয়ে কঠোরতা এবং অন্য ধর্মের ক্ষেত্রে শিথিলতা—এ ধরনের দ্বৈতনীতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তারা সতর্ক করে বলেন, ধর্মীয় অধিকার হরণ, বৈষম্যমূলক আইন প্রয়োগ এবং প্রশাসনিক দমন-পীড়নের মাধ্যমে কোনো সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করাই টেকসই সম্প্রীতির একমাত্র পথ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন