মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি এরই মধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


