এনসিপি নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, বিচারের দাবি

এনসিপি নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, বিচারের দাবি

এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসংগঠিতভাবে অপপ্রচার ও ডিজিটাল সহিংসতা ছড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড)।

এই ধরনের চরিত্রহননমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সংগঠনটি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে ডা. মিতুর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য, অপমানজনক মন্তব্য, যৌন হয়রানিমূলক এআই-নির্মিত ছবি, ভুয়া নিউজকার্ড এবং চরিত্রহননমূলক কনটেন্ট প্রচার করা হচ্ছে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থা ইতোমধ্যে নিশ্চিত করেছে যে ডা. মিতুকে কেন্দ্র করে প্রচারিত অধিকাংশ উপাদানই মিথ্যা, বিকৃত ও কৃত্রিমভাবে তৈরি। সংগঠনটির মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আড়ালে নারী নেতৃত্বকে অপমান করার এই কৌশল সম্পূর্ণভাবে গণতান্ত্রিক আচরণের পরিপন্থী এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করছে।

সংগঠনের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, নারীর প্রতি যেকোনো ধরনের হেনস্তা, বিশেষত নারী রাজনৈতিক নেত্রীদের উদ্দেশ্য করে পরিচালিত ডিজিটাল সহিংসতা, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন, শুধুমাত্র নিন্দা প্রকাশের মাধ্যমে এই প্রবণতা বন্ধ হবে না; বরং অপপ্রচারকারী, তাদের সহায়ক গোষ্ঠী এবং যারা নীরবতা বা প্রশ্রয়ের মাধ্যমে এই আক্রমণকে টিকিয়ে রাখছে, তাদের সকলকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় কাঠামোর দৃঢ় ও দায়িত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। অন্যথায়, নারী নেত্রীদের রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের পরিসর আরও সংকুচিত হবে, যা গণতান্ত্রিক অগ্রগতির জন্য সরাসরি হুমকি।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এই পরিস্থিতিতে ডা. মাহমুদা মিতুর প্রতি সুদৃঢ় সংহতি জানাচ্ছে। তাদের দাবি, একজন নারী রাজনৈতিক নেত্রী হিসেবে তার মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়—এটি একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের পূর্বশর্ত।

সংগঠনটি দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে, “এই ধরনের অপরাধের মুখে নীরবতা দায়মুক্তিকে শক্তিশালী করে, আর জবাবদিহি ও নীতিনিষ্ঠ পদক্ষেপই টেকসই রাজনৈতিক অগ্রগতির পথ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন