ঠুনকো অজুহাতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

ঠুনকো অজুহাতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

সামান্য ও ঠুনকো অজুহাতে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় তার ওপর ক্ষুব্ধ হয়ে মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, যিনি যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না, সেই বীর মুক্তিযোদ্ধাকে সামান্য কথা-কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উল্টো মামলা দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। এমন ঠুনকো অজুহাতে মামলা দায়ের করার সংস্কৃতি দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়।

তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করে আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে বলেই জাতি প্রত্যাশা করে। কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোতে এখনো যদি অতীত স্বৈরাচারী কায়দায় তুচ্ছ কারণে মামলা দিয়ে হয়রানি করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন