রিয়াদে নিহত নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি জমিয়তের

রিয়াদে নিহত নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি জমিয়তের

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার পর ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে আটকা পড়া বাংলাদেশি যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর। একই সঙ্গে ওই হামলায় নিহত বাংলাদেশি আলেম মাওলানা নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক আমেলা (কার্যনির্বাহী) বৈঠকে এসব দাবি জানানো হয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফখরুদ্দিন, মুফতি জাবের কাসেমী, মাওলানা শরীফুল ইসলাম কাসেমী ও মাওলানা তাহের সাঈদ প্রমুখ।

বৈঠকে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ বেশ কয়েকজন প্রবাসীর প্রাণহানির খবর অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। হামলার পর বিমানবন্দরের ট্রানজিট ও বিভিন্ন ফ্লাইটে আটকা পড়া যাত্রীরা চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ থাকা-খাওয়া এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার যাবতীয় দায়িত্ব সরকারকে নিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, এই হামলায় নিহত মাওলানা নাসরুল্লাহ বদর একজন প্রখ্যাত বাংলাদেশি আলেম। তাঁর পবিত্র মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা সরকারের পবিত্র দায়িত্ব। পাশাপাশি, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং রিয়াদে আটকা পড়া বাংলাদেশিদের সার্বিক অবস্থা দেশে থাকা স্বজনদের নিয়মিত অবহিত করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বৈঠকের শেষ পর্যায়ে হামলায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন