বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠকে মিলিত হন তারা। বৈঠকের শুরুতেই রাশিয়ান রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ।
জামায়াত সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাশিয়ান রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

