ছাত্রশিবিরের ফিউচার সাইন্টিস্ট মিটআপ অনুষ্ঠিত

ছাত্রশিবিরের ফিউচার সাইন্টিস্ট মিটআপ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর বাছাইকৃত টিমের সদস্যদের নিয়ে ‘ফিউচার সাইন্টিস্ট মিটআপ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ছাত্রশিবির তোমাদের মতো ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে স্বপ্ন দেখে। তোমাদের পথচলায় আমরা গাইডলাইন, মোটিভেশন, ট্রেইনিং, বিভিন্ন ক্যাম্প আয়োজন, বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করব।

তিনি আরও বলেন, বিগত সায়েন্স ফেস্টে তোমাদের অসাধারণ কিছু প্রজেক্ট ছিল, যা বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। তোমাদের দেশপ্রেমিক হিসেবে দেশের হয়ে ভূমিকা রাখতে হবে। দেশ নিয়ে হতাশ হওয়া যাবে না। এ দেশে অনেক সুযোগ, সম্ভাবনা ও সম্পদ রয়েছে, যেগুলো তোমাদের কাজে লাগাতে হবে।

ছাত্রশিবির সভাপতি বলেন, একজন শিক্ষার্থীর জন্য মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। শুধু মেধা দিয়ে যেমন পূর্ণতা আসে না, তেমনি শুধু নৈতিকতা দিয়েও পূর্ণতা সম্ভব নয়। আগামীর কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও নৈতিকতার সুন্দর সমন্বয় অপরিহার্য। তিনি আশ্বাস দিয়ে বলেন, ছাত্রশিবির সর্বদা তোমাদের এ যাত্রায় পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রজেক্ট প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রজেক্ট উপস্থাপন করেন। এতে তারা প্রজেক্টের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কীভাবে এসব প্রজেক্ট দেশের উপকারে আসতে পারে তা তুলে ধরেন। পরবর্তীতে প্যানেল ডিসকাশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রজেক্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন