বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ৭১ এর পরাজিত শক্তিরা আজকে ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা এখন নতুন করে পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব) কথা বলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও তারা আন্দোলন করছে। পিআর পদ্ধতির মাধ্যমে আবারও ফ্যাসিজম নিয়ে আসার চেষ্টা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র রক্ষা আন্দোলন সংগঠন আয়োজিত "বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, যারা একসময় দেশের মানুষকে হত্যা করছে, মানুষকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত এখনো তাদের অতীতের আদর্শ ভুলতে পারছে না। আজকে তারা ক্ষমতায় আসার জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচনকে বন্ধ করে দিবে, না হয় পিছিয়ে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা কখনো হতে দিবে না।
তিনি বলেন, এখনো আমরা একটা কঠিন সময় পার করছি। অন্তর্বর্তী সরকার কথা দিয়েছি জনগণকে তারা নির্বাচিত সরকার বুঝিয়ে দিয়ে চলে যাবেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও, বিভিন্ন চক্রান্ত করে নির্বাচনকে বন্ধ করা অথবা পেছানোর চেষ্টা চলছে।
সেলিমা রহমান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও আমরা এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। সংবিধান সমুন্নত রাখার জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করছি।
আওয়ামী লীগের দোসররা বাংলাদেশকে আবারও ধ্বংস করবে, সেটা আমরা হতে দেবো না বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের মহাসচিবসহ আরও কিছু নেতা আমেরিকা গিয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, তারা বিদেশেও নিজের দেশের সম্মান ক্ষুন্ন করে চোরাগোপ্তা হামলা চলানোর চেষ্টা করছে। এত রক্ত, এত কিছু হওয়ার পরেও তারা যে অন্যায় করেছে, এটা বিশ্বাস করছে না। শেখ হাসিনা ভারতে বসে এখনো নানারকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে।
সংগঠনটির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


