জুলাই শহীদদের পূর্ণাঙ্গ মূল্যায়ন করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। তারা বলেছেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থী রয়েছে। তারা এ দেশের নাগরিক। বাজেটসহ বিভিন্ন জায়গায় তাদের অবহেলিত করে রাখা হয়েছে। তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বক্তারা বলেন, জমিয়তের নীতি ও অবস্থান সবসময় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধের আলোকে নির্ধারিত হয়। কোনো দেশ, গোষ্ঠী বা শক্তির প্রভাব কিংবা নির্দেশে পরিচালিত হওয়ার প্রশ্নই আসে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করা জমিয়তের নৈতিক ও আদর্শিক দায়িত্ব।
এ সময় কওমি সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবি জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর।
সম্মেলন থেকে গৃহীত প্রস্তাবে নেতারা বলেন, কওমি সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কওমি মাদ্রাসাকে ঘিরে কটাক্ষমূলক বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ প্রমুখ।
কাউন্সিলে মুফতি মকবুল হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা তাহের সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

