বিক্ষোভ সমাবেশে ফজলুল করীম মারুফ

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সরকার ৭ মাসের ব্যবধানে দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির কারণে তেলের সঙ্গে সম্পর্কিত অসাধু চক্র জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। পরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চড়া দামসহ জীবনযাপনের সকল স্তরে নেতিবাচক প্রভাব পড়েছে। অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন।

তিনি সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফজলুল করীম মারুফ আরও বলেন, বিভিন্ন দেশের যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও গত এক সপ্তাহের আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিশ্লেষণ করলে স্পষ্ট দেখা যায়, গতকাল এবং আজকে তেলের দাম সর্বনিম্ন। তারপরও কাদেরকে সুবিধা দেওয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, আমাদের বোধগম্য হয় না। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক না থাকলেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঠুনকো অজুহাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি—এ যেন সরকারের জনবিচ্ছিন্নতার জ্বলন্ত প্রমাণ। দ্রুত সমাধান না করলে কঠোর আন্দোলনে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নগর সভাপতি বলেন, রামিসা হত্যাকাণ্ডের পর অপ্রতিমের হত্যাকাণ্ড সরকারের আইনশৃঙ্খলার অসহায় নিয়ন্ত্রণ বোঝা যায়। শরিয়াহ আইন বাস্তবায়ন না হলে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে।

এ সময় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, সরকার ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায় বলে মনে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পূর্বের সরকারের ওপর দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। অথচ তাদের সময়ে জ্বালানির দাম এবং সমস্যা এত প্রকট ছিল না। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে উদ্ভট কথা বলে সংকটে স্ফুলিঙ্গের কাজ করে দিচ্ছেন। জনগণকে ধোঁকা দেওয়ার পরিণতি পতিত ফ্যাসিবাদ থেকে দেখে নিন। স্ফুলিঙ্গ থেকে দাবানল হতে বেশি সময় লাগবে না।

নগর দপ্তর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইএবির সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম, নগর সহসভাপতি এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা নিজামুদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...