বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া নবী করিম (সা.) এর শিক্ষা নয়। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, অন্তবর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে।
রিজভী আরও বলেন, ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা শোনা যায়নি।
বিএনপির এই মুখপাত্র বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আজকে যে মহামানবকে নিয়ে আলোচনা এবং মিলাদের আয়োজন করা হয়েছে, তার আদর্শ, চারিত্রিক বৈশিষ্ট্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী তিনি সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি তার সামান্যতম আদর্শও লালন করতাম, তাহলে সমাজে অন্যায়, অনাচার, রক্তপাত, হানাহানি বন্ধ হয়ে যেত।
তিনি বলেন, যিনি গোত্রে বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই মহানবীকে আমরা ভুলে গেছি। অথচ তিনি এমন এক সমাধান দিয়েছিলেন, যাতে সবাই সন্তুষ্ট হয়েছিল। আজকে আমরা মদিনা সনদের কথা বলি, কিন্তু বাস্তবে কিছুই অনুসরণ করি না।
প্রাক্তন প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, কথায় বলেছিলেন দেশ মদিনা সনদ অনুযায়ী চালাবেন, কিন্তু আমরা কী দেখলাম? এক মন্ত্রীর লন্ডনে ১৪০ বাড়ি, ছেলে-মেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি, চট্টগ্রাম বিমানবন্দরের পাশে ৭২ বিঘা সরকারি জমি নিয়ে ৩০টি বাংলো নির্মাণের পরিকল্পনা। অথচ গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। করোনা সময় অক্সিজেনের অভাবে প্রাণ গেছে অসংখ্য মানুষের।
তিনি বলেন, আমাদের নেত্রী দেশেই থাকেন। মিথ্যা মামলায় পাঁচ-ছয় বছর কারাভোগ করেছেন। আমরা কোনো বিদেশপন্থী দল নই, আমরা বাংলাদেশপন্থী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য (দফর সংযুক্ত)আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

