শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী

স্টাফ রিপোর্টার

শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী

টিউলিপ সিদ্দিকীর শরীরে শেখ পরিবারের রক্ত আছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু শেখ পরিবারের রক্ত থাকায় তিনি যুক্তরাজ্যের এমপি হওয়ার পরেও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকী লন্ডনে বড় হয়েছেন লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন সেই লাইন সে ক্রস করতে পারেনি। আর করতে পারিনি বলেই তার বিরুদ্ধে এ অভিযোগগুলো দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।

আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না উল্লেখ তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ৫০০ কোটি ডলার শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি টিউলিপ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা একদম সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।

ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে? শেখ হাসিনার দুইটা পাসপোর্ট দুটিই বাতিল হয়েছে। তারপরও কি স্ট্যাটাসে ভারত তাকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র জনতা হত্যাকারী তাকে ভারত রাখে কীভাবে?

আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এটিএম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি বলেন, এতদিন হয়ে গেল তাদের বিচার এখন হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এরকম একজন প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা তার হত্যার বিচার হলো না এটা অত্যন্ত কষ্টের বিষয়।

কৃষিবিদ ডক্টর রাশেদুল হাসান হারুনের ও ও ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন