কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার ঐতিহাসিক আন্দোলনে দেওবন্দের শীর্ষ আলেমদের পাশাপাশি মাওলানা মওদুদীরও প্রশংসনীয় ভূমিকা ছিল এবং তার মুক্তির দাবিতে গোটা উপমহাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সম্প্রতি জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ায় আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা স্মরণ করিয়ে দেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার মাসআলায় মাওলানা মওদুদী সাহেবের ভূমিকা অবশ্যই প্রশংসনীয় ছিল। তখন কেবল তাকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হয়নি, বরং তার মুক্তির দাবিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ গোটা উপমহাদেশের দেওবন্দের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আন্দোলন করেছেন।’
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এ দেশের ছাত্র-জনতার রক্তে কেনা জুলাইয়ের মাধ্যমে জাতি দীর্ঘদিনের বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন দেখেছে। কওমির সন্তানরা জুলাইয়ের এই অর্জনকে ঘরে তুলতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ রাজপথের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন অজুহাত ও বাহানা তৈরি করে যদি কেউ জুলাইয়ের এই ফসল ও অর্জনকে নস্যাৎ বা বিভক্ত করার অপচেষ্টা চালায়, তবে তা হবে চরম আত্মঘাতী। দেশ ও জাতির ভবিষ্যৎ সুরক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে বলে তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


