পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিরোধীদলীয় নেতা। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াত আমির।
এর আগে শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন—দলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন জামায়াত আমির।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


