বিএনপি সবসময় বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই প্রথম সরাসরি কোনো খেলাধুলার আয়োজন করেছে। আমরা সবসময় চাই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে।
আমিনুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা হবে অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়তে চাই।
সোমবার রাতে ডিআরইউ চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা দিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। দেশ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। বিএনপি রাষ্ট্র পরিচালনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেয়।
আমিনুল হক বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে এবং গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শহীদ জিয়া আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ফয়সাল বলেন, ডিআরইউ- এই সংগঠনে পেশাদার সাংবাদিকরা রয়েছেন। তাদের বিনোদনের জন্য এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটা সাংবাদিকদের কর্মস্পৃহা বাড়িয়ে দেবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমিনুল হক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাকে আমরা সবাই একজন সেরা গোল কিপার হিসেবেই চিনি। তিনি এখন রাজনীতিতেও ভালো করছেন। আশা করি ওনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে।
এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভুঁইয়া, মো.ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

