রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
বুধবার রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
দুপুর আড়াইটায় শুরু হওয়া অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ছাত্রজীবনে সততা ও যোগ্যতা—দুটি বিষয় অপরিহার্য।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না। এর পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। একই সঙ্গে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির দিকেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, এনপিবির হেড অব অনলাইন সাঈদ আল হাসান শিমুল, সময় টিভির অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমাদ, এশিয়া পোস্টের সহসম্পাদক (হেড অব ইসলাম) রায়হান রাশেদ, ফেইস দ্য পিপলের রাকিবুল ইসলাম রঈস ও নাহিদ হাসান আজহারি।
এ ছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশের সহসভাপতি নুর হোসাইন ও কাওসার আহমাদ, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও হাসান মাহমুদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজী, অর্থ সম্পাদক হোসাইন এবং পাঠাগার সম্পাদক আমিন হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-e9dade-720x405.webp)