মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর মানে সর্বজনীন, সর্ব আদর্শ ও সর্ব মতের সংসদ। পিআরের বাহিরে নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার হবে। বিএনপি নিজেও বলে তারা সর্বজনীন, সর্ব মতের সংসদ চায়। তাহলে পিআর সিস্টেমে নির্বাচন করতে অসুবিধা কোথায়?
বুধবার লালবাগ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এক সমাবেশে তিনি এই দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনে আশি হাজার আলেম জীবন দিয়েছিল। বৃটিশ পালানোর সময় বৈষম্য দূর করা জন্য আলাদা দেশ চেয়েছিলাম।
ধর্মের ভিত্তিতে আলাদা দেশ হয়েছিল কিন্তু বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই। এরপর ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই । সামাজিক ন্যায় বিচার ছিল না। যেই দল যখন ক্ষমতায় ছিল, সরকারিসহ বিভিন্ন চাকরি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করেছে। ফাঁসির আসামীরাও বুক ফুলিয়ে রাস্তায় চলেছে। অপরদিকে বিরোধীদলের নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে।
সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,, এনএসআই, ডিজিএফআই, বায়তুল মোকাররমের খতিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হয়ে গেছে। ভেজাল নাই এমন কোন জায়গা নেই। বিসিএস ক্যাডার শুরুতে বেতন পায় ২২-৩৫ হাজার টাকা।
সভাপতির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান বলেন, এদেশের সকল মানুষ আমাদের কাছে নিরাপদ। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোন চাঁদাবাজি করে নাই। করোনার সময় আমরা লাশ দাফন করেছি। ডেঙ্গু, চিকনগুনিয়া জ্বরের সময় আমরা সাধারণ মানুষের সাথে থেকেছি।
তিনি আরও বলেন, সাইদ খোকন, তাপসের সাথে মেয়র নির্বাচন ও হাজী সেলিমের সাথে সংসদ নির্বাচন করেছি। মানুষ ভোট দিতে পারে নাই। এবার পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের প্রতিটা ভোটের মূল্যায়ন করতে চাই।
আগামীতে যদি জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারি, তাহলে বরাদ্দকৃত টাকা জনগণের জন্য ব্যয় করা হবে ইনশাআল্লাহ। আমাদের কোন নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন-খারাবি সহ কোন অপকর্মের সাথে জড়িত হবে না । এই বিষয়ে আমরা আপনাদের কাছে আমরা কথা দিচ্ছি।
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেমসহ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


