দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল; কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।
নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে।
তারা অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


