পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

সিলেট ব্যুরো

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার
ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন, তা তিনি বুঝতে পারছেন না। দেশের মানুষের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে স্থানীয় ১১ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে পুশইন ইস্যু সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সীমান্তে পুশইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংসদের অধিবেশনে আলোচ্যসূচিতে ছিল। তবে স্বল্প নোটিশে তা বাতিল করা হয়েছে। বাতিল হলেও তিনি পয়েন্ট অব ভিউতে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। পার্লামেন্টের বাইরে গিয়েও জনগণের সামনে এ বিষয়ে কথা বলব।

তিনি আরও বলেন, সীমান্তে পুশইনের ঘটনায় বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু সরকার কেন এ বিষয়ে জোরালো ভূমিকা নিচ্ছে না, সেই প্রশ্ন তুলে সরকারের আরও কঠোর ও কার্যকর অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

সংসদে কথা বলতে না দেওয়া হলেও প্রয়োজনে সংসদের বাহিরেও জনগণের সামনে এ বিষয়ে কথা বলবেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। আর বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে।

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে পারলে সেটিকে সরকারের একটি বড় সফলতা হিসেবে গণ্য করা হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার এখনো হাদি হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। এ বিষয়েও কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...