জেএসডির কেন্দ্রীয় কমিটির সভা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শনিবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ দাবি জানায় জেএসডি নেতারা।

সভায় জেএসডি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রশ্নে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফিরিয়ে আনার জন্য কাঠামোগত পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্গঠন এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবের সারসংক্ষেপে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের ঘটনা নয়; এটি রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার চরিত্রগত পুনর্গঠনের জন্য জনগণের ঐতিহাসিক অভিপ্রকাশ। এই চেতনার বাস্তবায়নে কেবল নির্বাচন যথেষ্ট নয়; বরং রাষ্ট্রক্ষমতার কাঠামোগত সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

প্রস্তাবে আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্র সংস্কারের অগ্রগতি প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দলীয়করণ এবং জনজীবনের সংকট জনগণের মধ্যে গভীর হতাশা তৈরি করছে। রাষ্ট্রের নিরপেক্ষতা ও জবাবদিহিমূলক কাঠামো দুর্বল হয়ে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রস্তাবে সীমান্ত পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ ইন ও অনুপ্রবেশের ঘটনাবলি জাতীয় নিরাপত্তা, মানবিক দায়বদ্ধতা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়। জেএসডি মনে করে, এ বিষয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে প্রস্তাবে ঘোষিত জাতীয় বাজেটের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে বলা হয়, বিদ্যমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার চাহিদার তুলনায় বাজেটে কাঙ্ক্ষিত সংস্কারধর্মী উদ্যোগ ও জনকল্যাণমূলক পদক্ষেপের ঘাটতি রয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বৈষম্য হ্রাসে আরও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

জেএসডি দাবি করে, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণের যে সংস্কার-প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তার বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা জরুরি। পাশাপাশি মৌলিক রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এড. ছানোয়ার হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, এড.কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুল লতিফ খান, মো. সোহরাব হোসেন, এড. বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...