শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশে সুশাসন নিশ্চিত এবং ফ্যাসিবাদী ও স্বৈরাচারী ব্যবস্থার অবসানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি।
তিনি বলেন, এ সরকার শ্রমিকবান্ধব নয়, জনবান্ধবও নয়—এ সরকার চাঁদাবাজবান্ধব। জনগণের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দ্বিমাসিক ‘শ্রমিক বার্তা’র দশ বছর পূর্তি উপলক্ষে লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক ও মালিকের সম্পর্কের বিষয়ে দ্বিমাসিক শ্রমিক বার্তার কেন্দ্রীয় উপদেষ্টা আজহারুল ইসলাম বলেন, সমাজের প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে শ্রমের সঙ্গে যুক্ত। মালিকেরা ব্যবসার উন্নয়ন ও মুনাফা অর্জনের জন্য শ্রম ও মেধা বিনিয়োগ করেন, আর শ্রমিকেরা জীবিকা নির্বাহের জন্য শ্রম দেন। তাই প্রতিষ্ঠানের মুনাফার একটি ন্যায্য অংশ শ্রমিকদের দেওয়া হলে তাদের কর্মস্পৃহা বাড়বে এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।
জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সনদে স্বাক্ষরকারী পক্ষগুলোর উচিত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি তাদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানান। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মান, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
দেশের অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
দ্বিমাসিক শ্রমিক বার্তার সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক লস্কর মো. তসলিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি, ড. মাহফুজুর রহমান আখন্দ, কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান এবং শিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানছুর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা আবদুল জব্বার, নাঙ্গলকোট-লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, ডাকসুর জিএস এসএম ফরহাদ এবং ছাত্র সংবাদের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


