অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না: সাইফুল হক

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনো কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না। সবার আগে দরকার দুর্বৃত্ত মাফিয়াদের অর্থনীতির মূলোৎপাটন করা।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাঁচ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছেন না। কাজের অগ্রাধিকারও তারা ঠিক করতে পারছেন না। বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জীবন জীবিকা নিয়ে উদ্বেগ- উৎকণ্ঠা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের ওপর বিপদ চাপিয়ে দেয়ার শামিল। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। এসব পদক্ষেপ একদিকে গরীব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

তিনি বলেন, সরকারের অদক্ষতা ও দের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে নেয়া নিত্য ব্যবহৃত পণ্যের ওপর ভ্যাট ও করবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। তিনি আমলাতান্ত্রিকভাবে নেয়া এসব সিদ্ধান্তসমূহ প্রত্যাহার করার আহ্বান জানান।

সভায় সাইফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, ডাক্তার মনোয়ার হোসেন, আইয়ুব আলী ও শাহীন আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন