বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
মঙ্গলবার গণদাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি যে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে জানানো হয়েছে—উক্ত উদ্যোগ মন্ত্রিপরিষদের অনুমোদন পায়নি এবং বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরকার সরে এসেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সব বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হলো।
মহাসচিব বলেন, ‘আমরা আশা করি সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবে এবং জনগণের ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে প্রশাসন ও নীতিনির্ধারণী কাঠামোর ভেতরে একটি মহল বারবার জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রস্তাব সামনে নিয়ে আসছে। সরকার এসব উদ্যোগের নেপথ্যে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।’
মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের শুভবুদ্ধির পরিচয় এবং জনগণের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, শিক্ষা-সংস্কৃতির স্বকীয়তা এবং জনগণের ন্যায্য অধিকার পরিপন্থি যেকোনো উদ্যোগের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও সাংবিধানিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবে, ইনশাআল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

