ডেঙ্গু প্রতিরোধে ঢাকার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে। এই সময়জুড়েই যুবদল জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাবে।
বুধবার রাজধানীর মহাখালীর আইপিএইচ মসজিদের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে যুবদল সভাপতি এসব কথা বলেন। দেশজুড়ে সাত দিনব্যাপী এই কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
মোনায়েম মুন্না বলেন, সাত দিন নয়, দুই মাসব্যাপী এই কর্মসূচি পালনের কথা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদল। মহানগর উত্তরের ৭১টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো গেলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। দায়িত্বশীল নেতাদের বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিয়ে নিয়মিত মানুষের কাছে গিয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে এই কর্মসূচিকে কাজে লাগানোর আহ্বান জানান যুবদলের সভাপতি।
যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো এককালীন কর্মসূচির বিষয় নয়; সুস্থ থাকতে হলে সারা বছরই মানুষকে সচেতন থাকতে হবে। যদি আমরা সুস্থ থাকতে চাই, তাহলে প্রতিদিনই আমাদের সচেতন হতে হবে। জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেককে নিজের বাড়ির আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জমে থাকা পানি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ সংগঠনের নেতাকর্মীরা।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


