ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে
জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন তার জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি দুই দূতকে মস্কো ও কিয়েভে পাঠাচ্ছেন। তাদের লক্ষ্য হবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা।

ট্রাম্প বলেন, ‘শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে।’

তিনি বলেন, ‘আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠিয়েছি। দুজনই দারুণ দক্ষ আলোচক। তারা খুব ভালো কাজ করেছেন। আমরা তাদের পাঠিয়েছি, কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না তা দেখতে। আর আমাদের তা করতে পারার ভালো সম্ভাবনাও রয়েছে।’

তবে এই পরিকল্পনায় ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব আছে কি না, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প।

মস্কোর পর কিয়েভ

ট্রাম্প গত বছর আবার ক্ষমতায় ফেরার পর যুদ্ধবিধ্বস্ত কিয়েভে কুশনার ও উইটকফের এটি হবে প্রথম সফর। নির্বানি প্রচারের সময় রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

দুই দূতই এর আগে মস্কো সফর করেছেন। এ কারণে আলোচনায় তারা রাশিয়ার পক্ষ নিয়েছেন এমন অভিযোগও উঠেছিল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কুশনার ও উইটকফ শুক্রবার রওনা হওয়ার কথা ছিল। আজ শনিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। এরপর রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এএফপিকে বলেছেন, দুই দূত রোববার কিয়েভ সফর করবেন।

এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

দুই মার্কিন দূতের সফরের সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি পালনের প্রস্তাব দিয়েছেন বলে এর আগে জানিয়েছিলেন জেলেনস্কি।

নিজের নিয়মিত সন্ধ্যার ভাষণে তিনি বলেন, ইউক্রেন আকাশপথে হামলা বন্ধ রাখতে প্রস্তুত। রাশিয়াকেও একইভাবে হামলা বন্ধ রাখতে হবে।

জেলেনস্কি বলেন, ‘আমাদের দিক থেকে আকাশপথে কোনো হামলা চালানো হবে না। আর রাশিয়াকেও একইভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তাদের দিক থেকেও আকাশপথে কোনো হামলা চালানো যাবে না।’

আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যত সময় প্রয়োজন, ততক্ষণ এই যুদ্ধবিরতি বজায় রাখার কথাও বলেন তিনি।

চার বছর ধরে সংঘাত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর চার বছর ধরে সংঘাত চলছে।

ট্রাম্প এই যুদ্ধকে পুতিন ও জেলেনস্কির মধ্যকার ‘ব্যক্তিত্বগত সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন। এবার সেই যুদ্ধের অবসানে দুই নেতার সঙ্গে আলোচনার জন্য তার দুই দূতকে পাঠানো হচ্ছে।

কুশনার ও উইটকফের মস্কো ও কিয়েভ সফরের মধ্য দিয়ে ট্রাম্পের শান্তি উদ্যোগ কতটা এগোয়, এখন সেটিই দেখার বিষয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন