আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক: বিএনপি

স্টাফ রিপোর্টার

বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক: বিএনপি
ছবি: সংগৃহীত

ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি বিষয়ে অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

পরে বৈঠকে আলোচনার বিষয়াবলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি জানান, ভোটার স্থানান্তরের বিষয়টি তাঁরা তুলে ধরেছেন। এ বিষয়ে ইসি বলেছে, এ রকম বেশি হয়নি। কোনো আসনে দু-তিন হাজারের বেশি স্থানান্তরিত হননি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি।

নজরুল ইসলাম খান বলেন, তাঁরা নিশ্চিত জানেন, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন। যাঁরা ইসিকে এ-সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন, তাঁরা সঠিক তথ্য দেননি। বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য জানতে চেয়েছে।

বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করছেন। কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে একটা শান্তি কমিটি গঠন করার কথা শোনা যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ; যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এবার দেশি ৮১টি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। এগুলোর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তেমন পরিচিত নয়। কারও বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তাঁরা জানতে চেয়েছেন, ইসি বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে, নাকি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে। ইসি বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...