বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী যুবদল। গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৮ বছর আগে বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার হিসেবে যুবদল কাজ করেছে। এসব আন্দোলনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন এবং আন্দোলনের অর্জনে নিজেদের সম্পৃক্ত করেছেন।

বিএনপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের বৃহত্তম যুব সংগঠনগুলোর একটি। সংগঠনটি সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক। রাজপথের আন্দোলনে অংশ নিতে গিয়ে নেতাকর্মীরা রিমান্ডে গেছেন, মাসের পর মাস কারাগারে থেকেছেন। রাজনৈতিক কারণে অনেককে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। তার পরও তারা কর্তব্য ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। ৪৮ বছরের পথচলায় যুবদল আজ শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতি শুরু করেছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচি ও বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়নেও জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুবদলের বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে রিজভী বলেন, সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই নানা ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে উঠেছেন। তারা আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাদের নেতৃত্বেই শেখ হাসিনার মতো প্রবল পরাক্রমশালী ও নিষ্ঠুর একনায়কতান্ত্রিক শাসকের পতনে যুবদল ভূমিকা রেখেছে।

তিনি বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে, আগামী দিনে দেশের গঠন ও পুনর্গঠন, মানুষের আর্থিক উন্নতি, কর্মসংস্থান, উৎপাদন, উন্নয়ন এবং শিল্পকারখানার সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে যুবদল সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন